আলীকদমে যাত্রীবাহী চান্দেঁর গাড়ি খাদে পড়ে নিহত ১, আহত ৩৫
বেলাল আহমদ, লামা-আলীকদম (বান্দরবান) প্রতিনিধি-বান্দরবানের আলীকদমে যাত্রীবাহী চান্দেঁর গাড়ি পাহাড়ি খাদে পড়ে তনয়া ম্রো (২৬) নামে একজন নিহত হয়েছেন। এ সময় নারী, শিশুসহ আরো ৩০/৩৫ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে আলীকদম-থানছি সড়কের কলা ঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সবাই মুরুং সম্প্রদায়ের লোকজন ছিলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলীকদম-থানছি সড়কের ২৬ কিলো থংপং কারবারি পাড়া থেকে মেনপা কারবারী পাড়া গ্রামে বেড়াতে যাওয়ার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই চান্দেঁর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলীকদম হাসপাতাল ও পার্শ্ববর্তী চকরিয়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন,আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মির্জা জহির উদ্দিন।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































